কুমিল্লায় মণ্ডপে হামলা: ‘মেয়রের সহযোগী’ বাবুসহ ১২ জন ৫ দিনের রিমান্ডে
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ে পূজামণ্ডপে সহিংসতার (ভাঙচুর ও নাশকতা) মামলায় সিটি করপোরেশনের 'মেয়রের সহযোগী' মইনুদ্দিন আহমেদ বাবুসহ গ্রেপ্তার ১২ জনকে ৫ দিন করে রিমান্ড দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চন্দন কান্তি নাথ এ রিমান্ড আদেশ দেন।
কুমিল্লা আদালতের পরিদর্শক (পুলিশ) সালাউদ্দিন আল মাহমুদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনওয়ারুল আজিম বলেন, 'আমরা আদালতে আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ড আবেদন করি। শুনানি শেষে বিচারক তাদের ৫ দিন করে রিমান্ড দেন।'
পুলিশ বলছে, গ্রেপ্তার বাবুর বিরুদ্ধে ভাঙচুর, নাশকতার অভিযোগে দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী পূজা ব্যবস্থাপনার আহ্বায়ক তরুণ কান্তি মোদক মিথুন।
এর আগে, গত ৬ নভেম্বর শনিবার গভীর রাতে সাজেক থেকে মইনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করা হয়। একইদিনে পুলিশের মামলার আরও ১২ আসামিকে নগরীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে অর্থাৎ গত ১৩ অক্টোবর পূজামণ্ডপে হামলার পর পরিবার নিয়ে পালিয়ে যান বাবু।
৪টি মামলা পিবিআইতে
কুমিল্লা বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ১২টি মামলা হয়েছে। এর মধ্যে চারটি মামলা পুলিশের কাছ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে। ওই চারটি মামলার মধ্যে কুমিল্লায় সহিংসতায় নিহত দিলীপ কুমার দাসের হত্যা মামলাও আছে। গতকাল দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন পিবিআই পুলিশ সুপার মো. মিজানুর রহমান।