কুমিল্লায় ২ মাদক চোরাকারবারি গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা,

গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার আমতলী থেকে মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার মধ্যরাতে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মো. গিয়াস উদ্দিনের ছেলে মো. হারুনুর রশিদ (২৮) ও চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মৃত নুরুল ইসলামের ছেলে মো. মাসুদ মোল্লা (৩৮)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাদের আটক করে। সেসময় ১৯৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করার পাশাপাশি মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২র কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন থেকে কুমিল্লাসহ দেশের নানা স্থানে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়, সরবরাহ করে আসছিলেন।'

তাদের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।