কুষ্টিয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক গ্রেপ্তার
কুষ্টিয়ায় যুবলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত সাংবাদিক ফরহাদ আসিফ টিপু (৫০) দৈনিক যায়যায়দিন পত্রিকার কুমারখালী উপজেলা প্রতিনিধি।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'সাংবাদিক টিপু আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে একটি "আপত্তিকর" পোস্ট শেয়ার দেন। এরপর থেকেই তার ফেসবুক ওয়ালে এ বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।'
এ বিষয়ে কুমারখালী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইমরান বাদী হয়ে আজ বেলা ১১টার দিকে কুমারখালী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
মামলার পরপরই পুলিশ ফরহাদ আসিফ টিপুর বাটিকামারি এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি জানান, টিপুকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।