কুষ্টিয়ায় মানতের মাংস ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

৪ জনকে আটক করেছে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ায় একটি মসজিদে মানতের মাংস ভাগাভাগির জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া শাহী মসজিদে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কবির খান (৩৫)। তিনি মসজিদপাড়া এলাকার মান্নান খানের ছেলে।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত বেশ কিছুদিন ধরে মানতের মাংস ভাগাভাগিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। তাদের এক পক্ষের নেতৃত্বে আছেন আসাদ চৌধুরী। অন্য পক্ষে তারই চাচাতো ভাই মুরাদ চৌধুরী।

শনিবার মসজিদে চুয়াডাঙ্গার দর্শনা এলাকা থেকে কয়েকজন আসেন। তারা মানত হিসেবে মসজিদে একটি খাসি দেন। সেই খাসির মাংস ভাগাভাগিকে কেন্দ্র করে আসাদ চৌধুরী ও মুরাদ চৌধুরী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই কবির নিহন হন। তিনি আসাদ চৌধুরীর অনুসারী বলে জানায় পুলিশ।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে।

মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, তদন্ত চলছে, মামলা হবে।

মসজিদটি দেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বর্তমান মসজিদটির দ্বারপ্রান্তে এটি মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় তৈরি করা হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে এ মসজিদে বহু মানুষ আসেন। তাদের মধ্যে অনেকেই এখানে নানা কিছু উৎসর্গ করেন।

ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেরামত আলী বিশ্বাস বলেন, মানতের মাংস ভাগাভাগি নিয়ে আগেও বহুবার সংঘর্ষ ঘটেছে। ওখানে দুটি চক্র আছে।