কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী দুর্নীতি মামলায় কারাগারে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামকে কারাগারে পাঠানর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়ার একটি আদালত। আজ বৃহস্পতিবার বিকেলে মামলার শুনানি শেষে কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক (স্পেশাল) আশরাফুল ইসলাম এ আদেশ দেন।
দুদক কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়ের আইনজীবী আল মুজাহিদ হোসেন মিঠু দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার আলপনার সম্পদের বিবরণী চায়। দুদক কুষ্টিয়ার সমন্বিত কার্যালয়। সে সময় তারা জ্ঞাত আয় হিসেবে ৩৬ লাখ টাকার তথ্য উপস্থাপন করেন। পরে দুদকের তদন্তে জ্ঞাত আয়ের বাইরে আরও ৫২ লাখ টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়।
পরে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর কমিশনের উপসহকারী পরিচালক নীল কমল পাল কুষ্টিয়ার সিনিয়র দায়রা জজ আদালতে এ বিষয়ে একটি দুর্নীতি মামলা করেন।
মামলার শুনানিতে আজ নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আদালতে হাজির হলেও, তার স্ত্রী আদালতে ছিলেন না।
সূত্র জানায়, রবিউল ইসলামের স্ত্রী কামরুন্নাহার আলপনা কুষ্টিয়া শহরের একটি বেসরকারি কলেজের প্রভাষক পদে কর্মরত।