কোম্পানীগঞ্জে ৯ মামলার আসামি ইউনিয়ন আ. লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়ন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত নিজাম উদ্দিন বাদল (৪২) উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে কাদের মির্জা ঘোষিত ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের বিজয়নগর এলাকার মৃত আব্দুল রেজ্জাকের ছেলে।

গতরাত ৯টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের বিজয়নগর এলাকা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ উদ্দিন আনোয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলাম আজ সকালে দ্য ডেইলি স্টারকে জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নয়টি মামলা আছে। আজ শুক্রবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।