খাগড়াছড়িতে বৌদ্ধ মন্দির থেকে ভিক্ষুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান

খাগড়াছড়ি সদর উপজেলার গুগড়াছড়ি ধর্মসুখ বৌদ্ধ মন্দির থেকে ভিক্ষু বিশুদ্ধা মহাথেরোর (৫২) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে গ্রামবাসী।

সোমবার সকালে গুগড়াছড়ি পাইমং মেম্বারপাড়া থেকে প্রায় ২০০ গজ দূরে ওই মন্দির থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রশিদ দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছি।'

'কী কারণে একজন বৌদ্ধ ভিক্ষুকে খুন করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি,' বলেন ওসি।

সকাল প্রায় সাড়ে ৭টার দিকে স্থানীয় অং ক্রয় মারমা ভিক্ষু বিশুদ্ধা মহাথেরোকে মন্দিরের ভেতর প্রথম মৃত অবস্থায় দেখতে পান।

অং ক্রয় দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি দেখলাম কিয়াংয়ের (মন্দির) দরজা খোলা। সেখানে ভান্তের নিথর দেহ রক্তে ভাসছে। আমি তাকে খাবার দিতে গিয়েছিলাম।'

ওই এলাকার আরেক ভিক্ষু প্রজ্ঞাবংশ মহাথেরো বলেন, 'বিশুদ্ধা গত প্রায় ৩০ বছর ধরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন মন্দিরে বৌদ্ধ ধর্ম প্রচার করছিলেন।'

জানতে চাইলে খাগড়াছড়ির পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ ডেইলি স্টারকে বলেন, 'আমরা সব কিছু গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বৌদ্ধ ভিক্ষু হত্যার তদন্ত করছি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। আমরা মন্দিরের দুটি আলমারি খোলা পেয়েছি।'