খুলনায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
খুলনার পাইকগাছায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল ও আজ খুলনার পাইকগাছা ও কয়রা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, পাইকগাছা উপজেলার মৌখালী গ্রামের ফেরদৌস ঢালী (৫১), কয়রা উপজেলার আমাদী গ্রামের শেখ অহিদুল ইসলাম (২৮), একই গ্রামের রাকিকুল ইসলাম (২৮) ও শেখ মোনায়েম হোসেন (২৪)।
পুলিশ জানায়, গত ২৯ সেপ্টেম্বর এক নারীর বাড়িতে ডাকাতি করে ওই চার জন। এসময় ওই নারীকে ধর্ষণ করেন তারা। ৩০ সেপ্টেম্বর পাইকগাছা থানায় অজ্ঞাত চার জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এজাজ শফী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে পাইকগাছাসহ অন্যান্য থানায় একাধিক মামলা চলমান রয়েছে। তাদের সঙ্গে অন্য যারা জড়িত আছে তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।