গাজীপুরের মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা
আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা হয়েছে। মঙ্গলবার রাজবাড়ীর আদালতে মানবিক বাংলাদেশ সোসাইটি নামে একটি সংগঠনের স্থানীয় শাখার সভাপতি শশী আক্তার তার বিরুদ্ধে মামলা করেন।
মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে করা মামলাটি আমলে নিয়ে আদালত আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন। রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলী (পিপি) উজির আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
শশী আক্তার মানবিক বাংলাদেশ সোসাইটি নমে একটি সংগঠনের রাজবাড়ী পৌর কমিটির সভাপতি। পেশায় শিক্ষার্থী শশীর বাড়ি শহরের পুলিশ লাইন্স এলাকায়।
বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, জাহাঙ্গীর আলম বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিবৃতি করেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এসব কারণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করা হয়েছে।