গাজীপুরে চাঁদা না দেওয়ায় ছেলেসহ বাস মালিককে পিটিয়ে আহত
গাজীপুরের মাওনা চৌরাস্তায় বাসস্ট্যান্ডে চাঁদা না দেওয়ায় এক পরিবহন মালিক ও তার ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার একটি লাইভ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন বাস মালিক কামাল মিয়া ও তার ছেলে ফরহাদ হোসেন। কামাল মিয়া চাঁদাবাজির অভিযোগে শ্রীপুর থানায় কেওয়া পশ্চিমখন্ড গ্রামের আব্দুস ছালামের ছেলে মুজিবুর রহমান ও তার সহযোগী কিশোরগঞ্জ জেলার বাবু মিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছেন।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'এই বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। মামলার প্রস্তুতি চলছে।'
আহত বাস মালিক কামাল মিয়ার ঢাকা-শ্রীপুর সড়ক ও স্থানীয় সড়কে দুটি যাত্রীবাহী বাস আছে। অভিযোগে তিনি জানান, সড়কে বাস চলাচল করতে হলে দৈনিক ভিত্তিতে চাঁদা দিতে হয়। শনিবার দুপুরে অভিযুক্তরা চাঁদা চাইলে বাস মালিকের ছেলে ফরহাদ চাঁদা দিতে চাননি। এসময় তারা কমপক্ষে ৮ সহযোগী নিয়ে লাঠিসোটা, রডসহ ফরহাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে কামাল মিয়া ছুটে এলে তার ওপরও হামলা করা হয়।
সেসময় প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা তাদের দুজনকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
স্থানীয়রা জানান, ঘটনাটি কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভ করেছেন। তাই এই ঘটনার ভিডিও ফুটেজ দ্রুত ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় অভিযুক্ত মুজিবুর রহমানের মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।