গাজীপুরে তরুণ-তরুণীর মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জে বাড়ি থেকে দুই তরুণ-তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়েছে। গতকাল বুধবার রাতে পুলিশ ওই তরুণের বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

নিহতরা হলেন: হৃদয় গমেজ (২৫) ও ইভানা রোজারিও (২২)। হৃদয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে কর্মরত ছিল। ইভানা নার্সিংয়ের শিক্ষার্থী ছিল। দুজনেরই বাড়ি কালীগঞ্জ উপজেলায়।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক আব্দুস সালাম ইভানার বাবা স্বপন রোজারিওর বরাতে জানান, হৃদয় ও ইভানার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এই ব্যাপারটা দুই পরিবারই জানত।

উপপরিদর্শক আব্দুস সালাম আরও জানান, গতকাল সকালে হৃদয়ের মা ও চাচা জমি সংক্রান্ত কাজে কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন। সন্ধ্যায় তারা সাতানীপাড়া গ্রামে তাদের বাড়িতে ফিরেন। ভেতর থেকে ঘরের দরজা জানালা বন্ধ দেখে হৃদয়কে ডাকেন তার মা। সাড়া না পেয়ে এক পর্যায়ে প্রতিবেশীরা উঁকি দিয়ে ঘরের ভেতরে হৃদয় ও ইভানার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তাদের শরীরে ছুরি দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।