গাজীপুরে বখাটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী হাসপাতালে
গাজীপুরের শ্রীপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় কলেজ থেকে ফেরার পথে উপজেলার বরমী বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
উপজেলার বরমী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আজগর আলীর ছেলে মামুনের (২৫) বিরুদ্ধে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
ওই শিক্ষার্থীর বাবা বলেন, 'বখাটে মামুন আমার মেয়েকে কলেজে আসা-যওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে উক্ত্যক্ত করতো। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় সম্প্রতি মামুন আমার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠায়। এতেও আমরা সম্মতি দেইনি। আজ দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে বরমী বালু ঘাট এলাকায় মামুন আমার মেয়ের গতিরোধ করে। সেসময় তাকে এড়িয়ে গেলে মামুন আবার সামনে এসে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। আমার মেয়ে তখন হাত দিয়ে তাকে ঠেকায়। পরে দ্বিতীয়বার ছুরিকাঘাত করলে তার বুকে ও পেটে লাগে।'
ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা বলেন, 'আহত ওই শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তার হাত, বুক ও পেটে ধারালো কিছুর আঘাতের চিহ্ন রয়েছে। তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।'
এ প্রসঙ্গে শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ ভুইয়া বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে ওই শিক্ষার্থী বা তার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।'