বাড়িতে ঢুকে মালিককে হত্যার পর অটোরিকশা চুরি
গাজীপুরের শ্রীপুরে আনোয়ার হোসেন আনু (৫০) নামের এক অটোরিকশা মালিককে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার চকপাড়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাফর মোল্লা জানান, আনোয়ার হোসেন অটোরিকশা কিনে নিজেই চালাতেন। রাতে বাড়ি থেকে ৫০০ গজ দূরে একটি টিনের ঘরে অটোরিকশা রাখতেন তিনি। নিজেও রাতে সেখানেই থাকতেন।
প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে ওই টিনের ঘরে যান তিনি। পরে সকালে স্থানীয়রা তার ঘর খোলা দেখতে পেয়ে ভেতরে ঢোকেন এবং গলায় রশি পেঁচানো আনোয়ারের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন জানান, দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় সিঁধ কেটে ঘরে ঢোকে। পুলিশের ধারণা, দুর্বৃত্তদের দেখে চিনে ফেলায় আনোয়ারকে হত্যা করা হয়েছে। গাজীপুর পুলিশ ব্যুরো (পিবআিই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন চকপাড়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাফর মোল্লা।