সাড়ে ১২ কোটি টাকা সমমানের রিয়াল ও ডলার পাচারের চেষ্টা

স্টার অনলাইন রিপোর্ট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে গার্মেন্টস পণ্য ঘোষিত একটি বাক্স থেকে প্রায় ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার উদ্ধার করা হয়েছে যা বাংলাদেশি টাকায় ১২ কোটি ৫১ লাখের বেশি।

গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে রপ্তানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী একটি কার্টন থেকে এই রিয়েল ও ডলার জব্দ করা হয়।

shah_jalal_3_1.jpg
কার্টনের ভেতরে কার্বন পেপারে মোড়ানো সৌদি রিয়াল। ছবি: সংগৃহীত

এভিয়েশন সিকিউরিটর (এভসেক) সদস্য গাজী কাইয়ুম রাতে রপ্তানি কার্গো ভিলেজে সিকিউরিটি স্ক্যানিংয়ের সময় সিঙ্গাপুরগামী এ কার্টন শনাক্ত করেন।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (এসকিউ-৪৪৭) এসব মুদ্রা বিদেশে পাচারের চেষ্টা চলছিল। কার্টনের ভেতরে রিয়ালগুলো কার্বন পেপারে মোড়ানো ছিল।'

তিনি জানান, ফ্রেইটার প্রতিষ্ঠান স্টার এক্সপ্রেস লাইনের চালান থেকে মুদ্রা পাওয়া যায়। এ ঘটনায় মো. হাসান আলী নামে একজনকে আটক করা হয়েছে, তিনি স্টার এক্সপ্রেসের কর্মী।

প্রায় ৯ ঘণ্টা ধরে গণনা শেষে আজ মঙ্গলবার ভোরে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানান, সেখানে ৫৪ লাখ ৭৫ হাজার সৌদি রিয়াল ও ২০ হাজার ২০০ সিঙ্গাপুরের ডলার ছিল। যা বাংলাদেশি ১২ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৬৯১ টাকার সমান।

ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে বিদেশি মুদ্রাগুলো সিঙ্গাপুরে পাঠানো হচ্ছিল, তিনি যোগ করেন।