গুলশানে কলেজ শিক্ষার্থীর মৃত্যু: ২ দিনের রিমান্ডে পিয়াসা

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামি ফারিয়া মাহবুব পিয়াসার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসীর আদালতে এই রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক গোলাম মুক্তার আশরাফ উদ্দিন আসামিকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, একটি আবেদন জমা দেওয়ার পরে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে 'ধর্ষণের পর ভিক্টিমকে হত্যার ঘটনায়' তার সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পেতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী এই রিমান্ড বাতিলের পাশাপাশি তার জামিন চেয়ে আদালতে একটি আবেদন জমা দেন। তিনি বলেন, পিয়াসাকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসেবে এই মামলায় জড়ানো হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের আগাম জামিন আবেদনে সাড়া দেননি হাইকোর্ট।

গত ২৬ এপ্রিল রাতে রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বড় বোন বাদী হয়ে 'আত্মহত্যায় প্ররোচনা দেওয়া'র অভিযোগ এনে বসুন্ধরা গ্রুপের এমডির বিরুদ্ধে মামলা করেন।

গত ৬ সেপ্টেম্বর ওই শিক্ষার্থীর বড় বোন ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এ বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগে আরেকটি মামলা করেন।

এই মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম এবং অন্য ছয় জনকেও আসামি করা হয়।