ঘর নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় বাড়িতে ঢুকে গুলি
ঘর নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় বাড়িতে ঢুকে এক বৃদ্ধকে গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ আহতের নাম রহমত উল্যাহ (৬০)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া ভবানী জীবনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান ফরহাদ (৩৫) ও তার লোকজনের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।
আহতের পরিবার ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালীয়া ভবানী জীবনপুর গ্রামের আইয়ুব উল্যাহর ছেলে অবসরপ্রাপ্ত পাটকল শ্রমিক রহমত উল্যাহ বাড়িতে একটি পাকা দালানঘর নির্মাণ কাজ শুরু করেছেন।
রহমত উল্যাহর ভাই ও মামলার বাদী আবদুর রব জানান তার ভাই বসত ঘর দালান নির্মাণ কাজ শুরু করার সময় স্থানীয় সন্ত্রাসী বাহিনীর প্রধান কাবিল মিয়ার ছেলে ফরহাদ রহমত উল্যাহর কাছে বসত দালানের বৈদ্যুতিক কাজের ঠিকাদারী দাবি করেন। ঠিকাদারী কাজ না দিলে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন তারা। ফরহাদ সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকাসক্ত হওয়ায় রহমত উল্যাহ তাকে চাঁদা কিংবা বৈদ্যুতিক কাজের ঠিকাদারী দেননি। এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল ১০টার দিকে ফরহাদ তার বাহিনীর ১০-১২ জন সদস্য নিয়ে রহমত উল্যাহর বাড়িতে গিয়ে তাকে প্রথমে পিস্তলের বাট দিয়ে মারধর করেন। এক পর্যায়ে শর্টগান দিয়ে তাকে এলোপাতাড়ী গুলি ছোড়েন। এতে তিনি বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তাকে উদ্ধার করে বেলা ১১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহাদাত হোসেন বলেন, রহমত উল্যাহের বুকের বাম পাশে অনেকগুলো গুলিবিদ্ধ লেগেছে। তার অবস্থা আশংকাজনক।
বেগমগঞ্জ থানাধীন রাজগঞ্জ পুলিশ ফাড়ির আইসি উপ-পুলিশ পরিদর্শক মো. সাহেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহত ব্যক্তির ভাই আবদুর রব বাদী হয়ে ফরহাদকে আসামি করে ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৫-৬ জনের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বসত দালানঘর নির্মাণে ২ লাখ টাকা চাঁদা দাবির কথা উল্লেখ রয়েছে। ঘটনার পর থেকে হামলাকারীরা পলাতক রয়েছেন।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহেদুল হক রণি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছেন।