চকরিয়ায় বাড়িতে ঢুকে কৃষক লীগ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজার জেলার চকরিয়ায় কৃষক লীগ নেতা সরওয়ার কামালকে (৩৮) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়ায় নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সরওয়ার কামাল কৃষক লীগের ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ছিলেন। পেশায় তিনি বাণিজ্যিক অংকন শিল্পী।

বাংলাদেশ কৃষক লীগ কক্সবাজার জেলা শাখার জ্যেষ্ঠ সহ-সভাপতি আনিসুল হক চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'ফাঁসিয়াখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক সরওয়ার নিবেদিত প্রাণ একজন সংগঠক ছিলেন।'

ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ মহিউদ্দীন বলেন, 'রাত ৩টার দিকে সরওয়ার আমাকে কল করেন। কল পেয়ে আমি তার বাড়িতে গিয়ে দেখি, তিনি গুলিবিদ্ধ অবস্থায় বাড়ির উঠানে পড়ে আছেন।'

'সরওয়ারের শ্যালক ও প্রতিবেশীরা আমাকে জানায়, চার থেকে পাঁচ জন এসে বাড়িতে হামলা করে। রাতের অন্ধকার তাদের কেউ চিনতে পারেননি,' যোগ করেন তিনি।

ওসি শাকের মোহাম্মদ জুবায়ের জানান, সরওয়ার কামালের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।