চট্টগ্রামে আদালতের এজলাসে ঢুকে যুবকের আত্মহত্যার চেষ্টা
চট্টগ্রামে আদালতে বিচারকাজ চলার সময় এজলাসে ঢুকে গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক যুবক।
আজ সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ মেহেনাজ রহমানের আদালতে এই ঘটনা ঘটে।
ঘটনার পরপরই পুলিশ জাফর (৩০) নামের ওই যুবককে আটক করেছে।
জাফর চট্টগ্রাম নগরের মাদারবাড়ি টং ফকির মাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে বলে জানান সহকারী পুলিশ কমিশনার (এসি) অহিদ উল্লাহ সরকার।
এ ব্যাপারে অহিদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আদালত চলাকালীন এজলাসে ঢুকে জাফর ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কথা বলতে চান। এসময় তার কথা শুনতে ম্যাজিস্ট্রেটের দৃষ্টি আকর্ষণ করেন জাফর। এক পর্যায়ে কথা না শুনলে আত্মহত্যা করবেন জানিয়ে পকেট থেকে ছুরি বের করে গলায় টান দেন তিনি।'
তিনি আরও বলেন, 'এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা জাফরকে পেছন থেকে ধরে ফেলেন। তার আচরণ স্বাভাবিক ছিলো না।'
এই ঘটনার তদন্ত চলছে জানিয়ে অহিদ উল্লাহ বলেন, 'শুনেছি জাফর ডবলমুরিং থানার একটি হত্যা মামলার আসামি। কিছুদিন আগে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন।'