চট্টগ্রামে ট্রাকচাপায় দম্পতি নিহত: রাজবাড়ী থেকে চালক আটক
চট্টগ্রামের লালখান বাজার এলাকায় ট্রাকচাপায় এক দম্পতি নিহতের ঘটনায় ওই ট্রাকের চালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত ট্রাকচালক আলী হোসেন (৪৯) ইলিয়াস হোসেনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাজবাড়ীর বালিয়াকান্দি এলাকা থেকে আলী হোসেনকে আটক করা হয়। তিনি ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেডের ট্রাকচালক।'
গত ৬ এপ্রিল লালখান বাজার এলাকায় পিটস্টপ রেস্তোরাঁর সামনে আখতারুজ্জামান ফ্লাইওভার ঢালে এ দুর্ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ডেইলি স্টারকে বলেন, 'এ ঘটনায় ইকবাল ও তার ২ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেমা নিহত হন। তারা মোটরসাইকেলে করে টাইগারপাসের দিকে যাচ্ছিলেন। পথে ফ্লাইওভারের ঢালে ম্যাক্স কনস্ট্রাকশন লিমিটেডের একটি সিমেন্ট মিক্সার ট্রাক তাদের মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।'
পরে ট্রাফিক পুলিশ ট্রাকটিকে আটক করলেও এর চালক সেসময় পালিয়ে যান বলে জানান ওসি।