চট্টগ্রামে দুবাইফেরত যাত্রীর ব্যাগ থেকে ৪ কেজি সোনা জব্দ

স্টার অনলাইন রিপোর্ট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ৪ কেজি ১০০ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা এই সোনা জব্দ করেন।

দুবাই থেকে ফিরে আটক হওয়া মোহাম্মদ সোহেলের বাড়ি চট্টগ্রামের লোহাগড়া উপজেলায়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপকমিশনার এ কে এম সুলতান মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজ সকাল সাড়ে ৯টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রামে এসে পৌঁছায়। শুল্ক কর্মকর্তারা সোহেলের ব্যাগ তল্লাশি করে সোনা জব্দ করেন। আটকের পর তাকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শুল্ক কর্মকর্তা সুলতান জানান, জব্দ করা ৪ কেজি ১০০ গ্রাম সোনার দাম প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা। এই সোনা বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে।