চট্টগ্রামে বাসে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ পরিবহন শ্রমিক গ্রেপ্তার
চট্টগ্রামে বৃষ্টির মধ্যে রাস্তার পাশে দাড়িয়ে থাকা বাসে তুলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন--বাসচালক নুরুল আলম, তার সহযোগী মোহাম্মদ রবিউল ও মো. শাহাদাত। রাজু নামের অপর এক আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, গত রোববার দুপুরে অক্সিজেন মোড় এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। রাতে জেলার হাটহাজারী-ফটিকছড়িতে অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষণের শিকার গৃহবধূ (৩২) স্বামীর সঙ্গে নগরের ডবলমুরিং থানা এলাকায় থাকেন।'
ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভিকটিমের স্বামী বায়েজিদ বোস্তামী থানায় মামলা করেন।
তিনি আরও জানান, 'ওই নারী চট্টগ্রাম আদালতে যেতে রোববার দুপুরে অক্সিজেন মোড় থেকে একটি বাসে উঠেছিলেন। বাসে অন্য কোনো যাত্রী ছিল না। ওই নারী অক্সিজেন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে ধর্ষণের কথা জানান। পরে পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে।'
এর আগে, নগরের শাহ আমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত ২৫ মে এক বাস চালক এবং তার সহকারীকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রামের বাকলিয়া থানা পুলিশ।