চট্টগ্রামে মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের বাকলিয়া থানাধীন বলিরহাটে অবৈধ গাছ উদ্ধার অভিযানের সময় মাইকে ‘ডাকাত এসেছে’ ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন র‍্যাব-৭-এর মিডিয়া অফিসার নুরুল আবসার।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বাকলিয়ার বলিরহাট এলাকায় অবৈধভাবে পাচার করে আনা কাঠ মজুত আছে। পরে বন বিভাগের কর্মকর্তাদের নিয়ে অভিযানে নামে র‍্যাব সদস্যরা। দুপুর ২টার দিকে অভিযানে যায় র‌্যাবের টিম।’

‘অভিযানের সময় স্থানীয় কয়েকজন র‍্যাব সদস্যদের বাধা দেয় এবং এক পর্যায়ে মসজিদের মাইকে র‍্যাবকে ডাকাত হিসেবে উল্লেখ করে সেখানকার বাসিন্দাদের জড়ো হতে বলা হয়। এ ঘোষণার পরে লাঠিসোটা নিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলা ও পাথর ছুড়তে শুরু করে দুর্বৃত্তরা। এতে তিন র‍্যাব সদস্য আহত হন,’ বলেন আবসার।

তিনি জানান, এ ঘটনার পর অতিরিক্ত র‍্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বলিরহাটে র‌্যাবের অভিযান চলছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন দ্যা ডেইলি স্টারকে বলেন, ‘বলিরহাটে র‍্যাবের অভিযান চলছে বলে আমাদের জানানো হয়েছে, তবে সেখানের বিস্তারিত কিছু আমাদের জানানো হয়নি।’