চট্টগ্রামে মহাসড়কে লোহার ট্রাকে ডাকাতি ও খুনের দায়ে গ্রেপ্তার ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আবুল খায়ের স্টিল মিলের মালিকানাধীন ৩৫ টন কাঁচা লোহাবাহী ট্রাকে ডাকাতি ও ট্রাকের মালামালের পাহারায় থাকা এক নিরাপত্তা কর্মীকে হত্যার ঘটনায় ডাকাত চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের আকবরশাহ থানা পুলিশ।
গত ৬ সেপ্টেম্বর আকবরশাহ থানাধীন চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের গ্লাসকো গেইটের পশ্চিম পার্শ্বে ও সিটি গেইটের উত্তর পার্শ্বে কে খাজা মোটরস নামক দোকানের সামনের পাকা রাস্তার ডাকাতি ও হত্যার ঘটনার পর গত দুই দিন নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. রকি(২২), মো. রাসেল আখন (২৭), মো. আব্দুল্লাহ প্রকাশ লাইল্লা (২০), মো. রানা ওরফে পারভেজ (১৯), মো. ইব্রাহিম ওরফে শান্ত (২০), মো. আব্দুর রায়হান ওরফে রায়হান (১৯), মোহাম্মদ আলী রানা (২০), মো. আব্দুল জলিল (৬২), মো. মজিবুর রহমান রিপন (৩০) ও মো. সাজ্জাদ (৩০)।
আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হলে রকি নিজের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন বলেন জানিয়েছেন ওসি জহির।
গ্রেপ্তারের পর তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি অটো টেম্পু ও ডাকাতি করা ৩০০ কেজি পিগ আয়রন উদ্ধার করে পুলিশ।
ওসি জহির হোসেন বলেন, 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত বিভিন্ন লোহা ও লোহা তৈরির কাঁচামাল বোঝাইকৃত মালামাল ট্রাককে সিএনজিচালিত অটোরিকশা ও মেক্সিমা গাড়িতে করে অনুসরণ করে গাড়িতে উঠে মালামাল লুণ্ঠন করে এ ডাকাত চক্রের সদস্যরা। চোরাই ও লুট করা মালামাল চট্টগ্রাম শহরের বিভিন্ন ভাঙারির দোকানে বিক্রি করে থাকে এই দলটি।'
'গত ৬ সেপ্টেম্বর দিনগত রাত তিনটার দিকে আবুল খায়ের স্টিল মিলের মালিকানাধীন ৩৫ টন কাঁচা লোহা (পিগ আয়রন) ভর্তি একটি ট্রাক নগরীর সদরঘাট জুট র্যালি ঘাটে থেকে চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন শীতলপুরে অবস্থিত কারখানায় রওনা দেয়। ভোর ৪টার দিকে ট্রাকটি চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের গ্লাসকো গেইটের পশ্চিম পার্শ্বে পৌঁছালে গাড়ির চালককে অস্ত্রের ভয় দেখিয়ে ও পাথর (কাঁচা লোহার টুকরা) নিক্ষেপ করে ট্রাকটি থামাতে বাধ্য করে তারা। সেসময় গাড়ি থেকে তারা লোহা লুট করে। সকালে গাড়ি কারখানায় পৌঁছালে গাড়ি থেকে মালামাল আনলোডিং করার সময় ট্রাকের মালামালের সঙ্গে থাকা কর্মচারী আবুল হাসেম নিরবের (১৯) মরদেহ উদ্ধার করা হয়', বলেন ওসি।
তিনি আরও বলেন, 'অভিযোগ পাবার পর পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থলসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে। উদ্ধারকৃত লোহার মূল্য আনুমানিক ১৮ হাজার টাকা।'
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বন্দর থেকে খালাস হওয়া স্ক্র্যাপ জাতীয় লোহা ট্রাকে করে লোহা গলানোর কারখানায় নেওয়ার সময় মহাসড়কের বিভিন্নভাবে চুরি সংঘটিত হয়। মূলত উঠতি বয়সের তরুণরাই চলতি পথে এই ডাকাতি ও চুরি করছে।