চট্টগ্রামে মুরাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তথ্য ও সম্প্রচার বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ড. মুরাদ হাসানের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের সভাপতি বদরুল আনোয়ার চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের আদালতে এই আবেদন করেন। এতে মুরাদের সাক্ষাৎকার নেওয়া মহিউদ্দিন নাহিদ ওরফে নাহিদ রেইনকেও অভিযুক্ত করা হয়।

আইনজীবী বদরুল আনোয়ার দ্য ডেইলি স্টারকে বলেন, 'ট্রাইব্যুনালের বিচারক তোফায়েল হাসান চট্টগ্রাম মেট্রোপলিটন আদালত ও চট্টগ্রাম জেলা আদালতের পাবলিক প্রসিকিউটরকে (পিপি) তাদের মতামত জমা দিতে বলেছেন। কারণ তিনি বর্তমান সংসদ সদস্য এবং তার ঠিকানা চট্টগ্রামের বাইরে।'

এই আইনজীবী বলেন, 'তাদের মতামতের ভিত্তিতে আদালত সিদ্ধান্ত নেবেন আবেদনিট মামলা হিসেবে বিবেচনার জন্য নেওয়া হবে কি না এবং আদালত এই বিষয়ে আদেশ প্রদানের জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেছেন।'

তিনি আরও বলেন, 'প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তার নাতনি এবং তারেক জিয়ার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করে তারা জিয়া পরিবারের সম্মানহানী করেছেন।'

'আমরা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯, ৩০ এবং ৩১ ধারায় অভিযোগ এনেছি,' বলেন তিনি।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নাহিদরেইনস পিকচার্সের ফেসবুক পেজে এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এরপর অভিনেতা ইমন এবং অভিনেত্রী মাহির একটি ফোন কলের অডিও ক্লিপ ফাঁস হয়ে হলে তিনি আরও বিতর্কিত হয়ে পড়েন।