চট্টগ্রাম নির্বাচন অফিসে ২০টি এনআইডি আবেদনসহ ৩ দালাল আটক
চট্টগ্রামের লাভ লেন এলাকায় আঞ্চলিক নির্বাচন অফিস থেকে ২০টি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনপত্র ও সংশোধন ফরমসহ ৩ দালালকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ইমতিয়াজ মাহমুদ, মো. নূর হোসেন ও মো. জহির হোসেন।
তাদের মধ্যে ইমতিয়াজ ও নূরকে গতকাল সোমবার সন্ধ্যায় ইসি কর্মকর্তারা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। অন্যদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় নগরীর পাহাড়তলী এলাকা থেকে জহিরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, ইমতিয়াজ ও নূর হোসেন ইসি অফিসে ঘোরাঘুরি করছিলেন। সেসময় বেশ কিছু এনআইডি আবেদন ও এনআইডি সংশোধন ফরমসহ নির্বাচন কমিশনের কর্মকর্তারা তাদেরকে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাদের কাছ থেকে মামুনের নাম জানতে পারে এবং মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
' এই ৩ জন সক্রিয় এন আই ডি জালিয়াতি চক্রের সাথে জড়িত যারা ভুয়া কাগজ দিয়ে টাকার বিনিময়ে ভোটার কার্ড দেয়,' বলেন ওসি।
ওসি নেজাম উদ্দিন আরও বলেন, 'প্রতিটি এনআইডির জন্য ২০ থেকে ৩০ হাজার টাকা নেওয়া হয়। এসব জাল এনআইডি চাকরি বা অন্য খাতে ব্যবহার করা হয়।'
চট্টগ্রাম নির্বাচন কমিশনের আঞ্চলিক কর্মকর্তা মো. হাসানুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করায় আমরা তাদেরকে চ্যালেঞ্জ করেছিলাম এবং পরে এনআইডি সংশোধন ফরমসহ দুজনকে আটক করি। আমরা পুলিশকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আমরা তাদের বিরুদ্ধে সাক্ষ্যও দেব।'
এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং সিএমপির ডিবি উত্তর জোন মামলাটি তদন্ত করবে বলে ওসি জানিয়েছেন।