চট্টগ্রাম বিমানবন্দরে ১২ স্বর্ণের বারসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২টি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

আজ শুক্রবার সকালে তাকে আটক করা হয় বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-কমিশনার একেএম সুলতান মাহমুদ। তিনি জানান, জব্দ করা স্বর্ণের দাম প্রায় ৯০ লাখ টাকা।

আটক যাত্রীর নাম মোহাম্মদ মিজান। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

একেএম সুলতান মাহমুদ বলেন, মিজান আজ সকাল সাড়ে ৭টায় সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন। তার হাতব্যাগের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া ১২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিয়ম অনুযায়ী জব্দ করা স্বর্ণ বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে বলেও জানান তিনি।