চট্টগ্রাম হাসপাতালে শিশু চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৪ দিনের শিশু চুরির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার হাটহাজারী উপজেলার চৌধুরী হাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো. হারুন (৫৫), মনোয়ারা বেগম (৩৭) এবং রাবেয়া খাতুন (৩৮)।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

জাহেদুল কবির বলেন, 'রাবেয়া খাতুন তার মেয়ে তানিয়াকে হাসপাতালে ভর্তি করালে গত শুক্রবার তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দেন। গতকাল মঙ্গলবার সকালে রাবেয়া শিশুটিকে নিয়ে পালিয়ে যান এবং হারুন ও মনোয়ারার কাছে ৫৭ হাজার টাকায় বিক্রি করেন।'

এ ঘটনায় তানিয়া পাঁচলাইশ থানায় গতকাল বিকেলে মামলা করলে আজ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাবেয়া জানিয়েছেন, তানিয়েকে তার স্বামী ছেড়ে গেছেন। সন্তান থাকলে তানিয়েকে আবার বিয়ে দেওয়া কঠিন হবে। তাই তিনি শিশুটিকে বিক্রি করে দেন।

ওসি জাহেদুল কবির জানান, শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।