চবিতে যৌন নিপীড়নের ঘটনায় ২ জন শনাক্ত: পুলিশ

নিজস্ব সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় ২ জনকে শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে, তদন্তের স্বার্থে তাদের পরিচয় গোপন রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শুক্রবার দুপুরে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রসাশন ও পুলিশ মিলে এই ঘটনায় জড়িত ২ জনকে শনাক্ত করেছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় বলা যাচ্ছে না। আমরা বাকিদের বিষয়েও কাজ করছি।'

গত ১৭ জুলাই রাতের এই ঘটনায় ওই নারী শিক্ষার্থী বাদী হয়ে বুধবার রাতে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

মামলার বিবৃতিতে তিনি বলেন, রোববার রাতে ৫ জনের একটি দল তাকে ও তার বন্ধুকে জোরপূর্বক হতাশার মোড় থেকে বোটানিক্যাল গার্ডেনে তুলে নিয়ে যায়। তারা প্রথমে দুজনকে মারধর করে এবং পরে বাদীকে বেঁধে যৌন নিপীড়ন করে। তার বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করলে যৌন নিপীড়নকারীরা তাদের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায়।

এ ঘটনায় থানায় মামলা করার আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করেন।

পুলিশ ও চবি শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ওই নারী শিক্ষার্থীকে যারা যৌন নিপীড়ন করেছেন, তারা ছাত্রলীগের কর্মী।

শিক্ষার্থীকে যৌন নিপীড়নের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বুধবার রাত ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে ছাত্রীরা বিক্ষোভ করেন। সেসময় তারা ৪ দফা দাবি জানান। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও রেজিস্ট্রার এস এম মনিরুল ইসলাম ৪ দিনের মধ্যে এসব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা হলে ফিরে যান।

তাদের দাবিগুলো হলো—ক্যাম্পাসে ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে হবে। হল থেকে বের হওয়া বা প্রবেশের এবং মেডিকেলে যাওয়ার সময়সীমা তুলে দেওয়ার নির্দেশনা দিতে হবে; যৌন নিপীড়ন সেল ভেঙে নতুন কার্যকরী সেল গঠন করতে হবে। সেলে বিচারের ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ সময়সীমা থাকবে ১ মাস। সেটি না হলে সেলের শাস্তির বিধান গঠনতন্ত্রে থাকবে; যৌন নিপীড়ন সেলে চলমান কেসগুলোর বিচার করতে হবে আগামী ৪ কার্যদিবসের মধ্যে এবং ৪ কার্যদিবসের মধ্যে গত রোববারের ঘটনার বিচার না হলে প্রক্টরিয়াল বডি স্বেচ্ছায় পদত্যাগ করবে।