চাঁদপুরে ‘আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য’ গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

চাঁদপুরের পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকা থেকে মোহাম্মদ হোসাইন (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মোহাম্মদ হোসাইন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য।

আজ মঙ্গলবার দুপুরে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মুন্সিবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। হোসাইন চাঁদপুর সদর উপজেলার তরপুচণ্ডী ইউনিয়নের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড জব্দ করেছে। হোসাইনের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়া ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে তিনি উগ্রপন্থী মতবাদ প্রচার এবং অন্যদের সশস্ত্র জিহাদের প্রস্তুতি হিসেবে প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে আসছিলেন। এ ছাড়া দীর্ঘ দিন ধরে তিনি ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে জনসাধারণের ভেতর আতঙ্ক সৃষ্টি এবং আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিলেন।

আসলাম খান আরও বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য পদ গ্রহণ, সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচিত করায় তার বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮, ৯(৩), ১০ ও ১৩ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ১১।