চাঁদপুরে ২৯টি ড্রেজার-বাল্কহেড জব্দ, সাড়ে ১২ লাখ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর

চাঁদপুরে মেঘনা নদীতে নৌবাহিনীর অভিযানে ২৯টি ড্রেজার-বাল্কহেড জব্দ করা হয়েছে। এসময় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় ও ১ জন বাল্কহেড কর্মচারীকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নৌবাহিনীর সঙ্গে অভিযানে র‍্যাব (কুমিল্লা), কোস্টগার্ড ও নৌ-পুলিশ সদস্যরা অংশ নেন। এ অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নৌপরিবহন অধিদপ্তরের পরিচালক বদরুল হাসান লিটন।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করি। এসময় ১৭টি বালুবাহী বাল্কহেড ও ১২টি বালু তোলার ড্রেজার মেশিন জব্দ করা হয়। এসব বাল্কহেড ও ড্রেজারের বৈধ কাগজপত্র ছিল না, ফিটনেস ত্রুটি ছিল এবং চালক ও সুকানিদের লাইসেন্স ছিল না। পরে জব্দকৃত অবৈধ ড্রেজার ও বাল্কহেড মালিকদের কাছ থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৯টি মামলায় ১২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়াও, ১ জন বাল্কহেড স্টাফকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।'

চাঁদপুরে পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার এলাকায় মা ইলিশ প্রজননকে কেন্দ্র করে নদীতে বালুবাহী বাল্কহেড ও ড্রেজার ২২ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।