চাঁদাবাজি মামলায় পৌর কাউন্সিলর গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
টাঙ্গাইল পৌরসভার ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আতিকুর রহমান মোর্শেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তারের পর, তার বাসায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় আজ বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আজ সকালে শহরের সাবালিয়া এলাকার জনৈক আশিকুর রহমান আশিক কাউন্সিলর মোর্শেদ ও আরও পাঁচ জনের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
মামলার পর দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মোর্শেদকে শহরের ক্লাব রোড এলাকা থেকে গ্রেপ্তার করে।
পরে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেলের নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাউন্সিলর মোর্শেদের বিশ্বাস বেতকার বাসায় অভিযান চালিয়ে একটি নাইন এম এম পিস্তল, একটি ৭.৬২ পিস্তল, ৬ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে।
পুলিশ সুপার জানান, টাঙ্গাইল জেলা যুব লীগের সাবেক সহ-সভাপতি মোর্শেদের বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ অনেকগুলো ফৌজদারি মামলা আছে।