চাঁদা না পেয়ে ব্রিকফিল্ডে ভাঙচুরের ঘটনায় মামলা: চেয়ারম্যানসহ ১৬ জন কারাগারে
আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের আলাদা দুটি মামলায় পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন হাওলাদারসহ ১৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে এসব আসামিরা পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আমিরুল ইসলাম তাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আল আমিন হাওলাদার জানান, দ্রুত বিচার আইনে ছোট বিঘাই এলাকার ব্রিকফিল্ড ব্যবসায়ী মো. শহীদ গাজী বাদী হয়ে গত ১৮ ও ২১ ফেব্রুয়ারি পটুয়াখালী থানায় মামলা দুটি দায়ের করেন। মামলায় আলতাফ হোসেন হাওলাদারসহ মোট ১৬ জনকে আসামি করা হয়। দুটি মামলায় অভিযুক্ত আসামিরা হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। আজ স্বেচ্ছায় আসামিরা আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আসামিরা বাদীর ব্রিকফিল্ড পরিচালনায় নানাভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং বাদীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে আসামিরা ওই ব্রিকফিল্ডে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনায় ভাঙচুর করেন।