চাঁপাইনবাবগঞ্জে ৩০ বোতল ফেনসিডিলসহ ছাত্রলীগ নেতা আটক

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের রেহাই চর এলাকার মহানন্দা সেতুর টোলপ্লাজা থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ জেলা ছাত্রলীগের সহসভাপতি ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেলে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন, ছাত্রলীগের চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সহসভাপতি ফয়সাল আহমেদ তমাল ও তার সহযোগী আবু মঞ্জুর জুয়েল। তবে, জুয়েলের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক বাবুল সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ বিকেল সাড়ে ৩টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ তমাল ও জুয়েলকে আটক করে।'

তিনি আরও বলেন, 'তারা একটি মোটরসাইকেলে করে শিবগঞ্জ থেকে শহরের দিকে যাচ্ছিল, সে সময় তাদের কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৩০ বোতল ফেনসিডিল পাওয়া গেছে।'

এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাহিদ শিকদার দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন তমাল জেলা ছাত্রলীগের সহসভাপতি।