চান্দিনায় খাদে পড়া অ্যাম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ
কুমিল্লার চান্দিনায় মহাসড়কের পাশে খাদে পড়ে যাওয়া একটি অ্যাম্বুলেন্স থেকে ৭০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ।
আজ বুধবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কোড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযানে যায়। তারা খাদে পড়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতরে ফেনসিডিল পায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম দ্য ডেইলি স্টারকে জানান, চান্দিনা এলাকায় একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এমন খবর পেয়ে আমরা সেখানে গিয়েছিলাম। অ্যাম্বুলেন্সটি উদ্ধার করতে গিয়ে ভেতরে ফেনসিডিলের বোতল দেখা যায়।
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। মাদকদ্রব্য পাওয়া যাওয়ায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।