চিরকুট লিখে স্কুলছাত্রীর আত্মহত্যা: আসামি স্বপন গ্রেপ্তার

স্টার অনলাইন রিপোর্ট

জামালপুরের মেলান্দহ উপজেলায় ধর্ষণের পর এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় করা মামলার আসামি তামিম আহমেদ খান স্বপনকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

স্বপন মেলান্দহের চর বসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ এর কমান্ডিং অফিসার আশিক উজ্জামান স্বপনকে গ্রেপ্তারের বিষয়টি দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তাকে আজ শনিবার মধ্যরাতে চর সাহা গ্রাম থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। দুপুরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে মেলান্দহ থানা পুলিশ। আত্মহত্যার আগে তার হাতে লেখা দুটি চিরকুটও উদ্ধার করা হয়।

চিরকুটে ওই শিক্ষার্থী তামিম আহমেদ স্বপনের নামের এক উত্ত্যক্তকারীর নাম করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলে আসা-যাওয়ার পথে ওই কিশোরীকে স্বপন ও তার সঙ্গীরা উত্যক্ত করত। গতকাল বৃহস্পতিবার স্কুলে যাওয়ার পথে স্বপন তাকে তুলে নিয়ে একটি বাড়িতে ধর্ষণ করে। ওই রাতেই কিশোরী ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

কিশোরী তার একটি চিরকুটে লেখে, 'মা, আমারে ওয়াহাব চেয়ারম্যানের ভাতিজা আজকের দিনে এক রুমে কাটাইছে। পারলে ক্ষমা করো। যদি কোনো বিচার করো ছেলেটার নাম তামিম আহমেদ স্বপন খান। মা-বাবা তোমরা ভালো থেকো। আমারে ভুলে যেও। আমি বেঁচে থাকলে তোমাদের সম্মান শেষ হয়ে যেত। বাবা-মা আবার বলতেছি, ভালো থেকো। বাবা-মা ভালো থেকো। গুড বাই, সোনা বাবা-মা।' আরেকটি চিঠিতেও 'তামিম তার সঙ্গে খারাপ কাজ করেছে' বলে লিখে রেখে যায় সে।

পরে এ ঘটনায় অভিযুক্ত তামিম আহমেদ খান স্বপনকে (২৫) আসামি করে থানায় মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।