ছাগল চুরির মামলায় আ.লীগ নেতা কারাগারে

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর দুমকিতে ছাগল চুরির মামলায় উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মো. রেজাউল হক রাজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

আজ বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে পুলিশ দুমকি উপজেলার আঙ্গারিয়া এলাকায় তার বাসার ফ্রিজ থেকে চোরাই ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার করে। ছাগল চুরির ঘটনায় দুমকি থানায় একটি মামলা করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছাগল চুরির ঘটনায় তার বাসার ফ্রিজ থেকে চুরি হওয়া ছাগলের ৫ কেজি মাংস উদ্ধার ও থানায় একটি মামলা করা হয়েছে। আসামিকে আজ আদলতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।'

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মো. আবু গাজীর সঙ্গে একই এলাকার বাসিন্দা মো. রেজাউল হক রাজনের বিরোধ চলছিল।  

গতকাল বুধবার বিকেলে পূর্ব বিরোধের জেরে আবু গাজীর ১২ হাজার টাকা মূল্যের একটি ছাগল চুরি করে নিয়ে জবাই করে মাংস ফ্রিজে রেখে দেয় রাজন। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে আবু গাজী ছাগলের বিষয়ে রাজনের কাছে জানতে চাইলে রাজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হত্যার হুমকি দেন। 

পরে আবু গাজী দুমকি থানায় রেজাউল হক রাজনকে আসামি করে থানায় মামলা করেন। অভিযোগ পেয়ে গভীর রাতে পুলিশ রেজাউল হক রাজনকে আটক এবং তার বাসায় তল্লাশি চালিয়ে ফ্রিজ থেকে ৫ কেজি ছাগলের মাংস উদ্ধার করেন। 

জানতে চাইলে জেলা আওয়ামীলীগ সভাপতি কাজী আলমগীর  বলেন, 'যদি ঘটনাটি সত্য হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।'