ছাত্রলীগ বা অন্য দল, অপরাধ করলে বিচার হবে: আইনমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

আওয়ামী লীগ অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ছাত্রলীগ বা অন্য দল হোক, যারা অপরাধ করবে তাদের বিচার হবে।

রংপুরের পীরগঞ্জে জেলেপল্লীতে হামলা ও আগুন দেওয়ার মূল পরিকল্পনাকারী মো. সৈকত মণ্ডল (২৪) বাংলাদেশ ছাত্রলীগের কারমাইকেল কলেজ শাখার দর্শন বিভাগের সহসভাপতি ছিলেন। সে বিষয়ে আইনমন্ত্রী আরও বলেন, যে দলের হোক, যে গোষ্ঠীর হোক, যে জাতির হোক— অপরাধী অপরাধীই থাকবে।

আজ রোববার দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচারকদের জন্য আয়োজিত ৪২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা দেশের মানুষকে অসাম্প্রদায়িক দীক্ষায় দীক্ষিত করেছিলেন বলেই বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক রাজনীতির দিকে ঝুঁকে না। ব্যক্তি স্বার্থে যদি কেউ অন্যায় করে, ব্যক্তি স্বার্থে অন্যায় করলেও তা অন্যায় এবং তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

আইনমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনা এবং কুমিল্লার ঘটনার পরে পীরগঞ্জসহ ২৪টি জেলায় সহিংসতা দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টির জন্য করা হয়েছিল। বাংলাদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে। দুটি বিষয়কে এক না করে দুর্বৃত্তরা যেন এ রকম করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সরকার সেই ব্যবস্থা করছে।

তিনি আরও বলেন, আসামি ধরা হয়েছে, তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার পরে যখন আদালতে আসবে তখন দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলার বিচারিক কার্যক্রম শেষে যারা এটা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।