জনপ্রশাসন সচিবসহ ৩ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি

স্টার অনলাইন রিপোর্ট

হাইকোর্টের আদেশের পরও বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয়ে ১৯ জন গাড়ি চালকের চাকরি স্থায়ী না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ দায়িত্বপ্রাপ্ত আরও দুজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

আজ রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ আদালত অবমাননার রুল জারি করা অন্য দুই কর্মকর্তা হলেন পরিবহন পুল কমিশনার ও পরিবহন (সড়ক) পরিচালক।

এ ছাড়া রুলে আরও বলা হয়েছে, ইউএনও অফিসে চালক পদে ১৯ জন রিট আবেদনকারীকে নিয়োগের বিষয়ে আদেশ অমান্য করায় তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার মামলা করা হবে না তা জানাতে চার সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

একইসঙ্গে ৪৬৬ জন গাড়িচালক নিয়োগে সরকারি যানবাহন অধিদফতরের দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

ইউএনও অফিসে গাড়ি চালকের পদে চাকরি স্থায়ী না করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ায় ১৯ জন রিট আবেদনকারীর দায়ের করা আদালত অবমাননার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আবেদনকারী পক্ষের আইনজীবী ছিলেন আবদুস সাত্তার পালোয়ান।