চাঁপাইনবাবগঞ্জ

জব্দ করা সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্যমূল্যে বিক্রি

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের একটি দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করে তা ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পৌর এলাকার বটতলাহাট বাজারের মেসার্স কাজল স্টোরে এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গণি।

তিনি দ্য ডেইলি স্টারকে জানান, ওই দোকান ও সংলগ্ন গোডাউনে সাড়ে ৪ হাজার লিটার সয়াবিন তেল মজুত করা হয়েছিল। এ অপরাধে দোকানের মালিক মোহাম্মদ কাজলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে জব্দ করা তেল অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রি করা হয় বলে জানান তিনি।