জমি নিয়ে বিরোধ, ধান কাটার সময় শ্রমিককে গুলি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল

টাঙ্গাইলের ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ধান কাটার সময় শ্রমিককে লক্ষ্য গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধ দিনমজুর শাহজাহান ভুট্টু (৫৫) বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের জোসনাসর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলির ঘটনায় অভিযুক্ত এলজিইডির অবসরপ্রাপ্ত প্রকৌশলী সোহরাব হোসেনকে (৭০) আটক করেছে পুলিশ। তার লাইসেন্সকৃত বন্দুকটিও জব্দ করা হয়েছে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, জোসনাসর গ্রামের হাসান আলী তার বন্ধু মৃত আব্দুল কাদেরের কাছ থেকে ২৫ শতাংশ জমি কেনেন। কিন্তু দলিল মূলে জমি না কেনায় আব্দুল কাদেরের ভাই অবসরপ্রাপ্ত প্রকৌশলী সোহরাব জমির মালিক থেকে যান।

হাসান আলী মারা যাওয়ার পর তার স্ত্রী ওই জমি চাষ করাচ্ছিলেন। তিনি জমিতে রোপণ করা ধান কাটতে ৮ জন শ্রমিক নিয়োগ দেন। আজ সকালে তারা ধান কাটতে গেলে, সোহরাব তার একনলা বন্দুক দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করেন।

এতে জমিতে ধান কাটতে থাকা শ্রমিক গুলিবিদ্ধ হন।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সোহরাব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার লাইসেন্সকৃত বন্দুকটিও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।