জাপানি নারীর দুই সন্তানকে হাইকোর্টে হাজির করার নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক ইমরান শরীফের জিম্মায় থাকা দুই শিশু সন্তানকে আগামী ৩১ আগস্ট উচ্চ আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নাবালিকা দুই কন্যাকে ফিরে পেতে জাপানি নারীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই নির্দেশ দিয়েছেন।

আজ বৃহস্পতিবার আদালত তার আদেশে জাপানি নারী এরিকো নাকানোর দুই মেয়ে নাকানো জেসমিন মালিকা (১১) ও নাকানো লায়লা লিনাসহ (৯) তাদের বাবা ইমরান শরীফ ও তাদের ফুপু আমিনা জেবিনকে ৩১ আগস্ট হাইকোর্টে হাজির হতে নির্দেশ দেন।

তাদের উপস্থিতি নিশ্চিত করতে আদাবর ও গুলশান থানায় দায়িত্বরত কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ইমরান শরীফকে তার মেয়ে জেসমিন মালিকা ও লায়লা লিনাকে নিয়ে আগামী ৩০ দিন দেশ ত্যাগ না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে, জেসমিন মালিকা ও লায়লা লিনাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হবে না, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ইমরান শরীফ ও আমিনা জেবিনের কাছে তা জানতে চেয়ে একটি রুল জারি করা হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, আদাবর ও গুলশান থানার দায়িত্বে থাকা কর্মকর্তা এবং ইমরান শরীফ ও আমিনা জেবিনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

শিশু দুটির মা জাপানি নাগরিক এরিকো নাকানোর করা রিট আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ সব রুল ও আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।