জাপান থেকে আসা ২ শিশু থাকবে মায়ের সঙ্গে, দিনে দেখতে পাবেন বাবা

স্টার অনলাইন রিপোর্ট

জাপানি নাগরিক এরিকো নাকানো তার দুই শিশুসন্তানের সঙ্গে গুলশানের বাসায় থাকতে পারবেন বলে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বৃহস্পতিবার দুই পক্ষের শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে, দুই শিশুর পিতা বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফ শুধু দিনের বেলা তাদের সঙ্গে দেখা করা ও সময় কাটাতে পারবেন। আগামী ২১ অক্টোবর পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট সিদ্ধান্ত দেন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত দুই শিশু এক দিন মায়ের সঙ্গে, এক দিন বাবার সঙ্গে গুলশানের বাসায় থাকবে। এ সময়ের মধ্যে উভয় পক্ষ সমঝোতায় আসবে বলে সেদিন আশা করেন আদালত। 

এ বিষয়ে ইমরানের পক্ষে থাকা জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদকে উদ্যোগ নিতে বলা হয়। ধার্য তারিখ ২৮ সেপ্টেম্বর শুনানিতে সমঝোতার জন্য আলোচনায় বসবেন বলে আদালতকে জানান শিশুদের মা ও বাবার আইনজীবী। সেদিন আদালত সময় দিয়ে বৃহস্পতিবার শুনানির দিন রাখেন। এ অনুসারে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে শুনানি হয়। 

তবে, ব্যক্তিগত কারণে রোকন উদ্দিন মাহমুদ এই মামলার আইনজীবী হিসেবে নিজেকে প্রত্যাহার করে নেন। ইমরানের পক্ষে অন্য আইনজীবী ফিদা এ কামাল ও আইনজীবী ফাওজিয়া করিম শুনানিতে অংশ নেন।

এরিকো নাকানো (৪৬) পেশায় চিকিৎসক। চলতি বছরের ১৮ জুলাই তিনি বাংলাদেশে এসে শিশুসন্তানদের ইমরানের (৫৮) কাছ থেকে নিজের জিম্মায় ফেরত পাওয়ার জন্য হাইকোর্ট আবেদন করেন। এরিকো আশঙ্কা করছেন ইমরান তার দুই মেয়েকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে পারে।

রিটে এরিকো উল্লেখ করেছেন, ২০০৮ সালে তিনি ও ইমরান জাপানি ও মুসলিম প্রথা মেনে বিয়ে করেন।