জাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি, ১ জনকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব সংবাদদাতা, জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি করায় এক ভর্তি পরীক্ষার্থীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গ্রেপ্তার আসাদ মিয়ার কাছ থেকে একটি আইফোন ও ইলেক্ট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আমরা খবর পেয়ে সকাল ১১টার দিকে তাকে আটক করি। সারাদিন তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের বাকী সদস্যদের ধরার চেষ্টা করি। তার কাছ থেকে এই চক্রের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বাকিদের দ্রুত আটকের চেষ্টা করা হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাবির কলা ও মানবিক অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষার দ্বিতীয় শিফট চলাকালে বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ থেকে তাকে আটক করা হয়।