জামায়েত নেতা পরওয়ারসহ ৯ জন ৪ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

জামায়েতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ ৯ জনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

গতকাল সোমবার সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় ভাটারা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম তাদের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন। এই আবেদনের প্রেক্ষিতে আজ ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বলে দ্য ডেইলি স্টারকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার আসাদুজ্জামান।

আসাদুজ্জামান বলেছিলেন, 'নাশকতার উদ্দেশ্যে তারা বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় একত্রিত হয়েছেন, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

আটককৃতরা হলেন- মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আব্দুর রব, ইজ্জত উল্লাহ ও মোবারক হোসেন, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইয়াছিন আরাফাত এবং কর্মী মনিরুল ইসলাম ও আবদুল কালাম।

তাদের ‍বিরুদ্ধে ভাটারা থানায় মামলা দায়ের করেছেন ওই থানার এসআই হাসান মাসুদ।