জয়পুরহাটে ২ শিশু ধর্ষণ মামলায় আসামির ৬০ বছর কারাদণ্ড
জয়পুরহাটে প্রথম শ্রেণির দুই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় ঘোষণা করেন। আদালতের বিশেষ (পিপি) কৌঁসুলি ফিরোজা চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৭ সালের ৭ জুলাই সকালে আসামি প্রতিবেশী দুই শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে। দুই শিশুর কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে আসামি দৌড়ে পালানোর চেষ্টা করে। গ্রামবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করে। ওই ঘটনায় দুই শিশুর বাবা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা দায়ের করেন।