টাঙ্গাইলে খুন ও অস্ত্র মামলার আসামি রনি গ্রেপ্তার
একাধিক খুন ও অস্ত্র মামলার চিহ্নিত সন্ত্রাসী আতিকুর রহমান রনি (৩০) ওরফে কোয়ার্টার রনিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল পুলিশ।
গতকাল শনিবার টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনের নেতৃত্বে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এই ঘটনায় আজ রোববার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
তিনি জানান, কোয়ার্টার রনি পুলিশের খাতায় একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে দুটি খুন ও চারটি অস্ত্র মামলাসহ মোট ৯টি ফৌজদারী মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
পুলিশ সুপার আরও বলেন, রনি সম্প্রতি টাঙ্গাইল সদর থানায় একটি ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি। সেই মামলায় ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাকে টাঙ্গাইল কোর্টে পাঠানো হয়েছে।