টাঙ্গাইলে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে জখম
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের নেতা রেজাউল ইসলাম রেজাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে। তার কবজি থেকে হাত প্রায় বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে।
গতকাল রোববার রাত ৮টার দিকে টাঙ্গাইল নতুন বাস টার্মনাল এলাকায় এ ঘটনা ঘটে।
রেজা (৩০) টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং শহরের দেওলা এলাকার বাসিন্দা আজাদ আলমগীরের ছেলে। বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন তিনি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ৮টার দিকে নতুন বাস টার্মনাল এলাকায় রেজার ওপর হামলা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে রেজার শরীরের বিভিন্ন স্থানে কোপায় এবং কবজি থেকে একটি হাত প্রায় বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত রেজাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রেজার বড় ভাই রাশেদুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে এলাকার কিছু দলীয় প্রতিপক্ষ রেজার ওপর এ হামলা চালিয়েছে। তারা আমার ভাইকে হত্যা করতে চেয়েছিল।'
এ ব্যাপারে জানতে চাইলে টাঙ্গাইল সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল দ্য ডেইলি স্টারকে বলেন, 'এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে জেনেছি। তবে এ ব্যাপারে আজ সোমবার বিকেল পর্যন্ত কোন মামলা হয়নি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'