টিকা নিতে যাওয়া জাবির ২ শিক্ষার্থীকে মারধর, আটক ৩
ঢাকার সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনাভাইরাসের টিকা নিতে গিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন- অর্ঘ অর্পন দাশ (২১), মো. আকীব হোসেন নূর (১৯) ও মো. সাব্বির হোসেন (২২)
সোমবার সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বাদী হয়ে চারটি ধারায় (১৪৩, ৩২৩, ৩৭৯, ৩০৭) একটি মামলা করেন। মামলার পর অভিযুক্ত তিন জনকে আটক করা হয়। তারা সবাই রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক।'
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয় সূত্র জানায়, গতকাল রোববার দুপুরে সাভারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে টিকা নিতে যান বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষার্থী। লাইনে দাঁড়ানো অবস্থায় দুপুর একটা বেজে যাওয়ায় টিকা দেওয়া বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। টিকাপ্রত্যাশীদের অনেকেই লাইনে দাঁড়ানো থাকায় তারা লাইন শেষ হওয়া পর্যন্ত টিকা দেওয়ার অনুরোধ জানান। টিকাদানকারী স্বাস্থ্যকর্মীরা এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে বাগবিতন্ডা হয়। একপর্যায়ে চার জন স্বাস্থ্যকর্মী ওই দুই শিক্ষার্থীকে মারধর শুরু করেন। পরে তাদের সাভার মডেল থানায় নিয়ে যায় স্বাস্থ্যকর্মীরা। পরে আহত অবস্থায় ওই দুই শিক্ষার্থী সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তারা সেখানে চিকিৎসাধীন।
গতকাল রাতে এই ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।