টিপু-প্রীতি হত্যায় গ্রেপ্তার ৪ জন দুদিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর শাহজাহানপুর এলাকায় মতিঝিল আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি হত্যা মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে দুদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 

রিমান্ডপ্রাপ্তরা হলেন- জাতীয় পার্টির নেতা মো. মাহবুবুর রহমান ওরফে টিটু (৪০), স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. জুবের আলম খান রবিন ওরফে রেলওয়ে রবিন (৫১), মো. আরিফুর রহমান সোহেল ওরফে ঘটক সোহেল (৪৫) ও মো. খায়রুল ইসলাম (৪৪)।

আজ রোববার এ মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিট ম্যাজিস্ট্রেট (এসিএমএম) আসাদুজ্জামান নুর তাদের প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল শনিবার রাত ৯টার দিকে গতকাল মতিঝিল ব্যাংক কলোনি ও আরামবাগ থেকে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়।

এ নিয়ে এই হত্যাকাণ্ডে জড়িত ২০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রিমান্ডের আবেদনে ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার জানান, এ হত্যা মামলায় গ্রেপ্তার শুটার মাসুম মোহাম্মদ আকাশ, সুমন শিকদার ওরফে মুসা ও নাসিরউদ্দিন মানিক স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তারা হত্যাকাণ্ডে এই চার জনের হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য জানিয়েছেন। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের খুঁজে বের করতে তাদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।

অন্যদিকে গ্রেপ্তারকৃত ৪ জন এই হত্যাকাণ্ডে জড়িত নয় দাবি করে রিমান্ড আবেদন বাতিলের পাশাপাশি জামিন চেয়ে আদালতে পৃথক আবেদন করেছিলেন আসামিপক্ষের আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট আসামিপক্ষের আইনজীবীর আবেদন প্রত্যাখ্যান করেন এবং তাদের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করা হয়। তিনি এসময় নিজ গাড়িতে খিলগাঁওয়ের বাগিচা এলাকার বাসায় যাচ্ছিলেন।

এ সময় এলোপাতাড়ি গুলিতে তার গাড়িচালক মনির হোসেন এবং রিকশা আরোহী কলেজছাত্রী সামিয়া আফরান জামাল গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে নেওয়া হলে টিপু ও সামিয়াকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় দণ্ডবিধির ৩০২, ৩২৬, ৩০৭ ও ৪৩ ধারায় শাহজাহানপুর থানায় মামলা হয়।