টেকনাফে বিজিবির সঙ্গে ‘গোলাগুলি’তে মাদক চোরাকারবারি নিহত

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে 'গোলাগুলি'তে এক মাদক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির ২ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার ভোররাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। এখনো তার পরিচয় জানা যায়নি।

সেসময় ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও একটি লম্বা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে।

টেকনাফের বিজিবি ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ ভোররাত ৩টার দিকে টেকনাফের হোয়াইক্ষ্যং ইউনিয়নের ঝিমংখালীতে নাফ নদীর বেড়িবাঁধের ৭ নম্বর স্লুইসগেট এলাকায় একদল মাদক চোরাকারবারির সঙ্গে টহলরত বিজিবি সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।'

'এতে এক মাদক চোরাকারবারি গুলিবিদ্ধ ও ২ বিজিবি সদস্য আহত হন' উল্লেখ করে তিনি আরও বলেন, 'গুলিবিদ্ধ ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার আনুমানিক বয়স ২৫ বছর। তবে নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।'

তিনি জানান, ঘটনাস্থল থেকে এক লাখ পিস ইয়াবা ও একটি লম্বা দেশীয় বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় টেকনাফ থানায় মামলা দায়ের করা হবে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ হাসপাতালে মৃত ব্যক্তির সুরতহাল প্রতিবেদন শেষ করেছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।'